পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযান লক্ষ্য করে মার্কিন হামলা হয়েছে। এতে নৌযানের দুজন নিহত হয়েছেন। এ হামলা মিলিয়ে মাত্র ৪ মাসে ১২৬ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এসব হামলার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র মাদক পাচারের অভিযোগ তুললেও এর কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। সূত্র : আলজাজিরা।
সর্বশেষ হামলার ব্যাপারে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) দাবি করে, তাদের অভিযানে দুজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে চালানো অভিযানে তারা নিহত হন। খবরে বলা হয়, লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী এই কমান্ড নিহত ব্যক্তি বা সংশ্লিষ্ট নৌযানটি সত্যিই মাদক পাচারের সঙ্গে জড়িত-এমন কোনো প্রমাণ উপস্থাপন করেনি। ওয়াচডগ সংস্থা এয়ারওয়ার্সের সংকলিত তথ্যানুযায়ী, ২০২৬ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে এটি প্রথম নথিভুক্ত নৌযান লক্ষ্য করে চালানো হামলা।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকদের মতে, প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌযানে চালানো এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ ধরনের অন্তত ৩৪টি অভিযান চালানো হয়েছে। এতে ১২৬ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।