নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া থেকে কামরুন নাহার ইতি (২৭) নামে এক বিউটি পারলার মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পারলারের ভিতরে গতকাল তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ ঘটনায় ইতির স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করা হয়েছে। সেন্টু শহরের মাসদাইর এলাকার ইলিয়াস সরদারের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে ওই এলাকায় বসবাস করতেন।
ইতির বোন লাকী বলেন, সে শহরের আমলাপাড়ায় বিউটি পারলার অ্যান্ড ট্রেনিং সেন্টার পরিচালনা করতেন। ২৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। গতকাল দুপুরে পারলার থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক থানায় খবর দেন। পুলিশ পারলারের দরজার তালা ভেঙে টয়লেটে ইতির লাশ পায়। লাকী জানান, ইতির স্বামী নেশাগ্রস্ত। কয়েকদিন পরপরই ইতিকে অনেক মারধর করতেন তিনি। তবু বোন সংসার ছেড়ে যায়নি।
শেষ পর্যন্ত আর তার সংসার করা হলো না। এ হত্যাকাণ্ডের বিচার চাই। সদর মডেল থানার এসআই দেলোয়ার বলেন, লাশ উদ্ধারের পর সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় নিহতের স্বামী আটক হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।