জুলাই গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর চিকিৎসাধীন থাকা জুলাইযোদ্ধা আশরাফুল (৩২) মারা গেছেন। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। গতকাল সকাল ৮টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর এলাকায় ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দেশে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু জানান, থাইল্যান্ডে টানা ১৪ মাস বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন আশরাফুল। চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে এনে নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।