সংস্কার ও পরিবর্তন বাস্তবায়নের জন্য সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নির্বাচনি সভায় এ কথা বলেন তিনি।
জনসভায় বিএনপি মহাসচিব বলেন, যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, আর যারা সংস্কার চান না তারা বলবে না। বিএনপি সংস্কার চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমরা সংস্কার ও পরিবর্তন চাই। দরজাটা ঠিক হোক, জানালাটা ঠিক হোক চাই না? চাই তো। আমার দেশ এক ব্যক্তির শাসনে নষ্ট না হোক, আগের মতো ফ্যাসিস্ট না হোক; জবাবদিহিতা থাক, তাই না? এটাকেই আমরা বলতেছি হ্যাঁ ভোট। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। আমার যে অধিকার আছে, ঠিক তেমনি আপনারও সমান অধিকার আছে। আমি আপনাদের এ কথা জোর দিয়ে বলতে চাই যে, আপনারা নিজের অধিকারের জন্য নিজের পায়ের ওপর দাঁড়ান। কেউ এসে আপনাদের ওপর অন্যায়-অত্যাচার করবে এটার সাহস কেউ যেন না পায়।