ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি ও নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সরকারের নির্বাহী আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি শ্রীশ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোতে পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শুরু হবে।
আগামী ২৬ মার্চ পর্যন্ত মাদ্রাসাগুলোতে এ ছুটি চলবে। ২৯ মার্চ রবিবার থেকে মাদ্রাসাগুলোতে ক্লাস শুরু হবে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি বুধবার থেকে কলেজগুলোর রোজা ও ঈদের ছুটি শুরু হচ্ছে। ২৬ মার্চ পর্যন্ত ছুটির পর ২৯ মার্চ রবিবার থেকে কলেজগুলোতেও ক্লাস শুরু হবে। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলো এবং কারিগরি শিক্ষাক্রমের ভোকেশনাল স্কুল, ভোকেশনাল কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোতে রোজা ও ঈদের ছুটি ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত। প্রাথমিক, মাধ্যমিক স্কুলগুলো ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হবে ২৯ মার্চ।