বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ও নিজেদের সক্ষমতা বাড়াতে ২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে ১৪টি উড়োজাহাজ কেনা হবে। গতকাল সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকার কতগুলো বোয়িং কিনবে, কবে নাগাদ এসব কেনাকাটা হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ২০২৪ সাল থেকে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার একটি প্রস্তাবনা চলমান। বাংলাদেশের বিমানবন্দর থেকে গত বছর এক কোটি ৬০ লাখের ওপরে যাত্রী পরিবাহিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইনস মাত্র ২০ লাখ যাত্রী পরিবহন করেছে। তার মানে প্রায় দেড় কোটির মতো যাত্রী বাংলাদেশ বিমান হারিয়েছে। এর মানে আমার যাত্রী পরিবহনের সক্ষমতা নেই। কারণ আমাদের ১৪টি বিমান সচল রয়েছে। আমাদের যে পরিকল্পনা, ২০৩৫ সালের মধ্যে ৪৭টি বিমান দরকার। তিনি আরও বলেন, আমরা যে চুক্তি করতে যাচ্ছি সেখানে ২০৩৫ সাল নাগাদ মাত্র ১৪টি বিমানের কথা বলেছি। এই উড়োজাহাজ কেনার প্রস্তাব বোয়িং এবং এয়ারবাসকে বিশ্লেষণ করে একটা প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মূল্য নির্ধারণের জন্য ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে প্রধান করে একটা নেগোসিয়েশন টিম করা হয়। যে টিম এই বোয়িংয়ের সঙ্গে নেগোসিয়েশন করছে। সেটা এখনো চলমান আছে।