পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় আগামীকাল বুধবার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হচ্ছে নতুন করে বাবরি মসজিদ নির্মাণের কাজ। এ কাজের উদ্যোক্তা ‘জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আগামী দুই বছরের মধ্যে মসজিদ নির্মাণের কাজ শেষ হবে বলে তিনি জানিয়েছেন। গতকাল সকালে কলকাতার কাছে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, ‘১১ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে প্রায় ১ হাজার ২০০ হাফেজ দিয়ে কোরআন তেলাওয়াত করা হবে। দুপুর ১২টা পর্যন্ত এই তেলাওয়াত চলবে। এরপর বেলা ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকৌশলীরা এবং নির্মাণ শ্রমিকদের উপস্থিতিতে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু করবেন।’ তিনি জানান, কাজ শুরুর পরদিন ১২ ফেব্রুয়ারি সকাল ৯টায় নদীয়া জেলার পলাশী মনুমেন্ট থেকে ‘বাবরি যাত্রা’ শুরু হবে। শোভা যাত্রাটি ২৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে ১৩ ফেব্রুয়ারি রাতে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে গিয়ে শেষ হবে। এদিকে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুর্শিদাবাদে সাজ সাজ রব পড়ে গেছে। এমনকি এই নির্মাণ কাজে এক হিন্দু ইটভাটার মালিক অভিনব ভূমিকা রাখছেন। এ কে পাল নামে ইটভাটার এই হিন্দু মালিক ইটের ডাইস পরিবর্তন করে এ কে পালের বদলে বাবরি নামকরণ করেছেন। এই নির্মাণ কাজে তিনি তার ভাটার ইট সরবরাহ করবেন।