স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এই পদে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। গতকাল স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ এজাজ। তার স্থলাভিষিক্ত হবেন সুরাইয়া আখতার জাহান। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগ করা প্রশাসক সুরাইয়া আখতার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন। এ ছাড়া অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন না। গত বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এজাজ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান ছিলেন। মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।