রেল যোগাযোগের বাইরে থাকা সাতক্ষীরা এবার যুক্ত হতে যাচ্ছে জাতীয় রেল নেটওয়ার্কে। যশোরের নাভারণ থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পর্যন্ত রেলপথ নির্মাণে প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানান, প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ নাভারণ-ভোমরা রেলপথ নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৫০ কোটি টাকা। প্রকল্পের বড় অংশের অর্থ জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা) থেকে ঋণসহায়তা হিসেবে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সয়েল টেস্ট, জমি চিহ্নিতকরণ, ছয়টি স্টেশন নির্ধারণসহ প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ রেলপথে নাভারণ, কলারোয়া, মাধবকাঠি, সাতক্ষীরা সদর, ভোমরা স্থলবন্দরসহ ছয়টি এলাকায় আধুনিক স্টেশন নির্মাণ করা হবে। ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু বলেন, ‘নাভারণ-সাতক্ষীরা-ভোমরা রেলপথ শুধু একটি যোগাযোগ প্রকল্প নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোর ঐতিহাসিক উদ্যোগ। বর্তমানে যাতায়াতে সময় ও ভোগান্তি বেশি। রেললাইন চালু হলে সাধারণ মানুষের যাতায়াত সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে।’
ভোমরা বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা জানান, রেল যোগাযোগ চালু হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে, পণ্য পরিবহন সহজ হবে, কর্মসংস্থান বাড়বে এবং সরকারের রাজস্বও বাড়বে। বেনাপোল রেলস্টেশনের স্টেশনমাস্টার আয়নাল হাসান বলেন, ‘নাভারণে একটি আন্তনগর মানের রেলস্টেশন নির্মাণ করা হবে। খুব অল্প সময়ের মধ্যেই প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।’