ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহ করবেন বিভিন্ন দেশের ৫৪০ পর্যবেক্ষক ও সাংবাদিক। পর্যবেক্ষকদের মধ্যে কয়েকটি দেশের প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রী, সংসদ সদস্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের পর্যবেক্ষণ সংস্থার সদস্যরা রয়েছেন। তাঁদের মধ্যে ৬০ জন নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে এবং ৩৩০ জন নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যমের ১৫০ জন সাংবাদিক নির্বাচনের সংবাদ সংগ্রহ করবেন। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এসব তথ্য জানান।
রুহুল আমিন মল্লিক জানান, ইসির আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রায় ৬০ জন প্রতিনিধি ঢাকায় আসছেন। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে ১৫০ জন বিদেশি সাংবাদিক আসছেন। ইসির আমন্ত্রিত অতিথির মধ্যে রয়েছেন ভুটান ও নাইজেরিয়ার প্রধান নির্বাচন কমিশনার, মালয়েশিয়া নির্বাচন কমিশনের চেয়ারম্যান এবং দক্ষিণ কোরিয়ার ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিসের (আইসিএপিপি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। এ ছাড়া তুরস্ক থেকে ছয়জন সংসদ সদস্য, সুপ্রিম ইলেকশন কাউন্সিলের কর্মকর্তাসহ ১০ সদস্যের একটি পর্যবেক্ষক দল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া থেকে পাঁচজন করে প্রতিনিধিদল এবং ফিলিপাইন, জর্জিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও ইরানের নির্বাচন কমিশনের কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো থেকে থাকছেন ৩৩০ জন পর্যবেক্ষক। এর মধ্যে সর্বোচ্চ ২২৩ জন পর্যবেক্ষক রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের। এ ছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফই) থেকে ২৮ জন, কমনওয়েলথ থেকে ২৫, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১২ এবং অন্যান্য সংস্থা থেকে ৩০ জন পর্যবেক্ষক স্বতঃপ্রণোদিত হয়ে থাকছেন।
নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহ করতে আসা ১৫০ জন বিদেশি সাংবাদিকের মধ্যে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে ৪৮ এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা থেকে সাতজন রয়েছেন। এ ছাড়া জাপানের সংবাদ সংস্থা এনএইচকে, বিবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া, ডয়েচে ভেলের (ডিডব্লিউ) প্রতিনিধিসহ স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও ভারতের সাংবাদিকরা নির্বাচনের সংবাদ সংগ্রহ করবেন।