অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ ক্রয় কমিটির সভা গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সার আমদানিসহ চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ৬৩৫ কোটি ৯১ লাখ টাকা। সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। জানা যায়, সভায় রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিএডিসির জন্য তিউনিশিয়ার জিসিটি থেকে ৪র্থ লটে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৫৩০ ডলার দরে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ১৬২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার টাকা। বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ১৩তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৪৩১ ডলার দরে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ১৫৮ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা। এ ছাড়া বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৪ লাখ ৮২ হাজার পিস জিনিএক্সপার্ট কার্ট্রিজ ক্রয়ে ব্যয় হবে ২৩৭ কোটি ১২ লাখ টাকা। এটি সরবরাহ করবে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস। দ্বিতীয় প্রস্তাবে ৫ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার পিস এন্টি টিবি ড্রাগ ক্রয় করা হবে। এটি সরবরাহ করবে ‘মেসার্স রেনেটা পিএলসি’। এতে ব্যয় হবে ৭৭ কোটি ৫৬ লাখ ৫৬ হাজার টাকা।