জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে নানা ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অপপ্রচারে গুরুত্ব না দিয়ে পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানিয়েছেন।
স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, ‘জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।’
ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনি বুথ ভাঙচুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের ১৩টি নির্বাচনি বুথ ভাঙচুর করা হয়েছে। গতকাল এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান তাঁর পোস্টে জানান, ঢাকা-১৫ আসনে তাঁর নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লার ১৩টি বুথ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে তিনি কাপুরুষোচিত কাজ হিসেবে অভিহিত করে বলেন, যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে এ জাতি জুলাই পেরিয়ে এসেছে। জামায়াত আমির বলেন, জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে। তিনি আরও যোগ করেন, ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিচ্ছবি আজ (বৃহস্পতিবার) ভোটে ফুটে উঠবে।