ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট, কেন্দ্র দখল বা ফলাফল মেনে না নিয়ে নাশকতার চেষ্টা করলে সংশ্লিষ্টদেরই ঝুঁকিতে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে র্যাব সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে ‘ইতস্তত’ করবে না।
গতকাল বিকালে রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া মহিলা কলেজ ও রাজধানী উচ্চবিদ্যালয়সহ কয়েকটি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে র্যাবপ্রধান বলেন, ঝুঁকি অবশ্যই আছে। তবে এবারের নির্বাচনে ঝুঁকি তাদেরই, যারা নির্বাচন ব্যাহত করতে চাইবে, জাল ভোট দেবে, ব্যালট বাক্স ছিনতাই করবে, কেন্দ্রে হামলা করবে বা ফলাফল মেনে না নিয়ে নাশকতার চেষ্টা করবে। তাদেরই প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়তে হবে। তিনি বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের কোনো ঝুঁকি নেই। আমরা আইনের ম্যান্ডেট অনুযায়ী কাজ করব। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা প্রসঙ্গে র?্যাব ডিজি বলেন, এ মুহূর্তে কোনো হুমকি নেই বলে আমরা মনে করি। তার পরও আমরা সতর্ক অবস্থানে আছি। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে র?্যাব মহাপরিচালক বলেন, এবার সর্বাধিকসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। প্রযুক্তিগত সক্ষমতাও আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। প্রায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশের প্রায় ২৫ হাজার ৭০০টি বডি ক্যামেরা, ড্রোন, র?্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। তিনি দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোট গ্রহণের পরিবেশ না থাকলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে। শহিদুর রহমান আরও বলেন, একটি-দুটি কেন্দ্রে সমস্যা হলে সেখানে পরে পুনঃভোট হতে পারে। প্রয়োজন হলে আমরা বেশি শক্তি নিয়ে সেখানে অবস্থান করব। সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার ফলে এবার প্রত্যাশার চেয়েও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দাবি তার।