বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছে পুলিশ প্রশাসন। রাজনৈতিক উত্তাপ যাতে সীমান্ত পেরিয়ে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে বসিরহাট পুলিশ জেলা বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে।
গত মঙ্গলবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চলছে। তেঁতুলিয়া কংক্রিট ব্রিজ এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান অব্যাহত থাকবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
একই সঙ্গে হিঙ্গলগঞ্জ থানার অধীন সীমান্ত সংযোগকারী সড়ক এবং কালিন্দী ও ইছামতি নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে। লেবুখালির ভেসাল ঘাটসহ বিভিন্ন প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেআইনি অনুপ্রবেশ, অস্ত্র ও নিষিদ্ধ সামগ্রীর পাচার ঠেকাতে নদী ও স্থলপথে বিশেষ টিম মোতায়েন করেছে পুলিশ। পাশাপাশি সীমান্তমুখী সড়ক, অপরাধপ্রবণ এলাকা এবং আবাসিক হোটেলগুলোতেও অভিযান চালানো হচ্ছে। বিএসএফও সীমান্তে নজরদারি জোরদার করেছে।