ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে সারা দেশে জয়ী হয়েছেন মাত্র সাতজন নারী প্রার্থী। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, মোট ৮৫ জন নারী নির্বাচনে অংশ নেন। এদের মধ্যে বিএনপি থেকে ছয়জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জয়লাভ করেন। বিএনপির জয়ী প্রার্থীরা হলেন- আফরোজা খানম, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, তাহসিনা রুশদীর, ফারজানা শারমিন, শামা ওবায়েদ ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ আর স্বতন্ত্র নির্বাচিত প্রার্থী হলেন রুমিন ফারহানা।
মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-সদর একাংশ) আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ সাইদ নূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট। ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে বিএনপি জোটের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪১৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এস এম নেয়ামুল করিম পেয়েছেন ৭০ হাজার ৫৫৬ ভোট। সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে নির্বাচিত তাহসিনা রুশদীর পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। এ ছাড়া নাটোর-১ আসনে নির্বাচিত প্রার্থী বিএনপির ব্যারিস্টার ফারজানা শারমিন পেয়েছেন ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত আবুল কালাম পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ ভোট। ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের শাহ আকরাম আলী পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট। ফরিদপুর-৩ আসনে বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট। তাঁর নিকটতম জামায়াতের প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।