পুরোনো পাতা ঝরিয়ে নতুন সাজে সেজেছে প্রকৃতি। কৃষ্ণচূড়ার ডালে আগুনরাঙা ফুল, কোকিলের কুহুতান-সব মিলিয়ে রূপসী বাংলায় বসন্তের আবাহন। বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ পয়লা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একই সঙ্গে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ফাল্গুনের উচ্ছ্বাসে প্রেম আর ভালোবাসার আবেশে আজ ভরে উঠবে সারা দেশ। দখিনা হাওয়ায় ফাল্গুনী আমেজ ছড়িয়ে পড়বে প্রেমিক-প্রেমিকার হৃদয়ে। বাসন্তী রঙের পোশাকে তরুণ-তরুণীরা সাজবে উৎসবের রঙে। খোঁপায় ফুল, মাথায় টায়রা-ফাগুন আর ভালোবাসা মিলিয়ে তৈরি হবে অনন্য আবহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা অনুষদ, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, রমনা পার্ক, বলধা গার্ডেন, ধানমন্ডি লেক ও রবীন্দ্র সরোবর ঘিরে ছড়িয়ে পড়বে বসন্ত ও ভালোবাসার উৎসব। ফুল, বই, চকলেট কিংবা ছোট্ট চিরকুট-উপহারের নানা আয়োজনে মুখর থাকবে দিনটি। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়াবে শুভেচ্ছা আর ভালোবাসার বার্তা।
রাজধানীসহ সারা দেশে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে দিনটি উদযাপন করবে। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। সকাল সাড়ে ৭টায় সমবেত যন্ত্র ও কণ্ঠসংগীতের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। থাকবে নৃত্য, সংগীত, শিশু-কিশোর পরিবেশনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ, বসন্ত কথন, প্রীতি বন্ধনী ও আবীর বিনিময়।