সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সবচেয়ে বেশি ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি প্রার্থী শরীফুল আলম। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট। এ হিসাবে আলম ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ভূমিধস বিজয়ে আলম তার আসনের (ভৈরব-কুলিয়ারচর) জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আগামীর দিনগুলোতে এই প্রতিদান আমি আমার প্রতিটি কর্মে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। জনগণের ভাগ্যের উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।