নতুন সরকারের কাছে একটি স্থিতিশীল, উদ্ভাবনী এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর প্রত্যাশা করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে পাঠানো চিঠিতে এ প্রত্যাশার কথা জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। চিঠিতে বলা হয়, ‘দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণরায়ের প্রতিফলন ঘটেছে, তা জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। আপনার এই বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বমঞ্চে একটি সম্মানজনক ও শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তৈরি পোশাকশিল্প বর্তমানে এক অনন্য ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এলডিসি-উত্তরণ-পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ববাজারে বাংলাদেশের আধিপত্য সুসংহত রাখতে আপনার সরকারের দূরদর্শী নীতিগত সহায়তা ও ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণা হয়ে থাকবে।’ চিঠিতে আরও বলা হয়, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বের পূর্ণ সমর্থন পেলে ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার যে জাতীয় স্বপ্ন, তা বাস্তবে রূপদান করা সম্ভব হবে। আপনার দিকনির্দেশনায় মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের অদম্য প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। বিশেষ করে বিজিএমইএ পরিবারের যেসব সুযোগ্য সদস্য বিপুল জনসমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জাতীয় সংসদে তাঁদের সক্রিয় অংশগ্রহণ দেশের পোশাকশিল্পের সংকট নিরসন এবং সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী করবে। আমরা নতুন সরকারের নেতৃত্বে একটি স্থিতিশীল, উদ্ভাবনী এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামোর প্রত্যাশা করি, যেখানে বিনিয়োগকারীরা নির্ভয়ে কাজ করতে পারবেন এবং বাংলাদেশ আরও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’