বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম ফাহিম হোসেন (১৯)। গতকাল সকালে শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফাহিম বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।
জানা গেছে, একই গ্রামের তন্ময় নামের এক যুবক ফাহিমের বোনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। এ ঘটনার প্রতিবাদ করায় প্রায় তিন মাস আগে তন্ময় ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফাহিম মাটিডালী এলাকায় যাওয়ার পথে বিমান মোড় এলাকায় পৌঁছালে তন্ময় তার পথরোধ করে। এ সময় ফাহিমের বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ফাহিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিবার জানায়, বোনকে উত্ত্যক্তের ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তারা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বোনকে উত্ত্যক্ত করার জেরেই হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তন্ময়ের নাম উল্লেখ করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।