স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার পর তালাকপ্রাপ্ত ফেনীর গৃহবধূ বিবি জহুরা ও তাঁর তিন সন্তানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নির্দেশে বিএনপি সমর্থিত সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’ স্থানীয়ভাবে জহুরার পুনর্বাসন ও আর্থিক সহায়তার উদ্যোগ শুরু করেছে। গতকাল বিকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে জহুরার শ্বশুরবাড়ি গিয়ে সংগঠনটির নেতারা সংসার পরিচালনা, সন্তানদের ভরণপোষণ ও পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মোস্তাকিম বিল্লাহ, আবদুল্লাহ আল মেজবাহ, কেন্দ্রীয় নেতা মশিউর রহমান বিপ্লব, ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু এবং পৌর বিএনপি নেতা অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা। নেতারা জানান, জহুরার হাতে তাৎক্ষণিক নগদ সহায়তা দেওয়া হয়েছে এবং প্রতি মাসে তাঁর পরিবারের খরচের জন্য অর্থ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নতুন বসবাসের জন্য ঘর নির্মাণের কথাও বলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জহুরার স্বামী ইসমাইল হোসেন কাওসার, যিনি আওয়ামী লীগঘনিষ্ঠ রাজনীতির সঙ্গে যুক্ত। স্ত্রীকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছিলেন। প্রথমবারের ভোটার হিসেবে জহুরা সন্তানদের নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেন। পরে কাওসার ক্ষিপ্ত হয়ে মৌখিকভাবে তালাক দেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা কাওসারকে আটক করেন; পরে তিনি তালাক প্রত্যাহারের আশ্বাস দিয়ে সরে যান।
কাওসারের মা শরীফা খাতুন বলেন, ‘ছেলে অন্যায় করেছে এবং ঘরে ফিরতে চাইলে জহুরাকে স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিতে হবে।’ জানা যায়, ২০১৩ সালে মধুয়াবাজার এলাকার নুর আহম্মদের মেয়ে জহুরার সঙ্গে কাওসারের বিয়ে হয়। তাঁদের তিন সন্তান রয়েছে। জীবিকার তাগিদে জহুরা অন্যের বাড়িতে কাজ করতেন। কাওসার আগে ফেনী রেলগেট এলাকায় বেডিং কারিগর হিসেবে কাজ করেন।