কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনি জনসভায় যাওয়ার পথে স্ট্রোক করে মারা যাওয়া শাহ্ আলমের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
গতকাল সকালে ইটনা উপজেলার শিমুলবাঁক দক্ষিণহাটি গ্রামে জামায়াত সমর্থক শাহ্ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আমি যত দিন সংগঠনের দায়িত্বে আছি, তত দিন এই দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারাও তা পালন করবেন বলে আশা রাখি।
হাওড়বাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হাওড়ের মানুষের মন বড়। আপনারা বড় মন দিয়ে শাহ্ আলমের পরিবারকে সবার স্নেহের আদরে ঢেকে রাখবেন। ইটনার স্মরণসভা শেষে তিনি নিকলী উপজেলার ছাতিরচরে যান। কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আবদুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
স্মরণসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির মো. রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, নরসিংদী জেলার কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ।
উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবদুস ছালাম (৬০) নামে এক কর্মী নিহত হন। এ ছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনি সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে শাহ্ আলম (৫০) নামে এক সমর্থকের মৃত্যু হয়।