কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ এবং সুষ্ঠু বলে জানিয়েছে পাঁচটি নির্বাচন পর্যবেক্ষণ সংগঠন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এছাড়া প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠন বি স্ক্যান, সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে কাজ করা সংগঠন রূপসা, নারী অধিকার সম্পর্কিত সংগঠন আরশি ট্রাস্ট, মানবাধিকার সংগঠন অধিকার যৌথভাবে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে একই তথ্য জানান। সংবাদ সম্মেলনে সংস্থাগুলোর প্রতিনিধিরা প্রতিবেদন পেশ করেন এবং তাদের প্রতিক্রিয়া জানান। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, পূর্ববর্তী নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন ছিল নিরপেক্ষ ও উৎসবমুখর। পর্যবেক্ষকদের ভোট গণনা কক্ষে প্রবেশে বাধাপ্রাপ্ত হওয়া, কিছু আসনে রাজনৈতিক দলের কর্মীদের কেন্দ্র দখল, পর্যবেক্ষককে হেনস্তায় বের করে দেওয়ার মতো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের সহিংসতা বা গুরুতর অনিয়ম চোখে পড়েনি। বি স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব বলেন, অনেক কেন্দ্রেই প্রতিবন্ধীসুলভ পরিবেশ (র্যাম) ছিল না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের সহায়তার নির্দেশনা ছিল। উপস্থিত সহায়তাকারীরা চেষ্টাও করেছেন। কিন্তু সুবিধা পর্যাপ্ত ছিল না। লিখিত কোনো নির্দেশনা কেন্দ্রগুলোতে পাঠানো হয়নি। তাদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা যেতে পারে। আরপিও-তে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।
রূপসার প্রতিনিধি শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ৫০৯টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে রূপসা। মূলত খুলনা অঞ্চলে তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভোটের আগে এ অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। কিন্তু ভোটের দিনের পরিবেশ অনেক শান্তিপূর্ণ ছিল। সময়মতো ভোট শুরু এবং শেষ হয়েছে। নারী অধিকার সংগঠন আরশি ট্রাস্টের প্রতিনিধি নাফিসা রায়হানা বলেন, নির্বাচনের ১০ থেকে ১২ তারিখ পর্যন্ত নারীদের প্রতি সহিংসতা বেশি হয়েছে। ৮৫ নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং মাত্র সাতজন বিজয়ী হয়েছেন। তারা যে পরিমাণ অনলাইন সহিংসতার শিকার হয়ে বিজয়ী হয়েছেন তা প্রশংসার যোগ্য। অনলাইনে নারী সহিংসতা ঠেকাতে আইনের সুপারিশ করে সংগঠনটি। মানবাধিকার সংগঠন অধিকারের প্রোগ্রাম কো-অর্ডিনেটর কোরবান আলী বলেন, অতীতের তুলনায় সহিংসতার ঘটনা অনেক কম ছিল। নির্বাচনের পর হঠাৎ করেই তা বেড়ে গেছে। নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ছিল। প্রক্রিয়াগত স্বচ্ছতা ছিল।