নবনির্বাচিত সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে বিতর্কিত ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। একই সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আহূত আজকের (সোমবার) বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভা অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে কাউন্সিল জানায়, যে গোষ্ঠীকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার তোড়জোড় চলছে, সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারীর সঙ্গে সেই গোষ্ঠীর পূর্ববর্তী পেশাগত সম্পর্ক রয়েছে। ফলে এ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নৈতিকতা ও করপোরেট গভর্ন্যান্স নীতিমালার পরিপন্থি এবং এতে কেন্দ্রীয় ব্যাংকের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এ ছাড়া দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যাংকিং খাতের অস্থিরতার কথাও তুলে ধরে কাউন্সিল। তারা জানায়, অনেক ব্যাংক ইতোমধ্যেই তারল্য সংকট ও খেলাপি ঋণের চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান ব্যাংকিং খাতে ঝুঁকি আরও বাড়াতে পারে এবং আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। কাউন্সিলের মতে, নিয়মনীতি ও আইন সংশোধনের মাধ্যমে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ক্ষুণ্ন করবে এবং জনগণের আমানতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বিবৃতিতে তারা জানায়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রীয় ক্ষমতার এই গুরুত্বপূর্ণ রূপান্তরের সময়ে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের উদ্দেশ্যে আজকের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রক্রিয়ায় থাকা অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি ও বিতর্কিত নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ প্রশাসনিক শিষ্টাচার লঙ্ঘনের শামিল। এ ছাড়া এ সভার আইনগত বৈধতা ও স্বচ্ছতার অভাব নিয়েও উদ্বেগ জানানো হয় বিবৃতিতে। এই প্রেক্ষাপটে কাউন্সিল আজকের প্রস্তাবিত পর্ষদ সভা এবং ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের প্রক্রিয়া স্থগিত করা; নীতিমালার আলোকে নিরপেক্ষ ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে লাইসেন্স প্রদানের যৌক্তিকতা যাচাই করা; এবং ব্যক্তিগত সংশ্লিষ্টতা রয়েছে এমন কোনো গোষ্ঠী বা প্রতিষ্ঠানের ফাইল অনুমোদন না করার দাবি জানিয়েছে তারা। অন্যথায়, কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা ও দেশের অর্থনীতির স্বার্থে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে কঠোর কর্মসূচি ঘোষণায় বাধ্য হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।