কক্সবাজারের কুতুবদিয়ার ইলিয়াছ কোম্পানির মালিকানাধীন আলিফ-২ নামে একটি মাছ ধরার নৌকায় ভারতীয় নৌবাহিনীর গুলির ঘটনায় এক মাল্লা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবন-সংলগ্ন সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ সীমানার ভিতরে মাছ ধরা অবস্থায় ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ নৌকাটিকে লক্ষ্য করে প্রায় ১৭ থেকে ১৮ রাউন্ড গুলি ছোড়ে। এতে সোহেল মাঝির নৌকার এক নাইয়া শাহাদাত হোসেন পায়ে গুলিবিদ্ধ হন। তাকে গতকাল সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নৌকার মালিক ইলিয়াছ কোম্পানি বাংলাদেশ প্রতিদিনকে সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সময় নৌকাটিতে প্রায় ২৮ মাঝি-মাল্লা অবস্থান করছিলেন।
এদিকে ঘটনার পর থেকেই জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলেও জানান তিনি।