চব্বিশের গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল ট্রাইব্যুনাল-১ রায়ের এ তারিখ ধার্য করেন বলে সাংবাদিকদের জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমানসহ এ মামলার আসামি পাঁচজন। তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়ে গত ২৯ জানুয়ারি যুক্তিতর্ক শেষ করে প্রসিকিউশন। পরে ৩ ফেব্রুয়ারি আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। এরপর ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন। মামলার পাঁচ আসামির মধ্যে একমাত্র রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার আছেন। এ ছাড়া পলাতক আসামিরা হলেন ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। তাদের হয়ে আইনি লড়াই করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ৭ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। ২০২৪ সালের ১৯ জুলাই প্রাণ বাঁচাতে বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে নির্মাণাধীন ভবনে ওঠেন আমির হোসেন নামের এক তরুণ। ওই সময় পুলিশও তার পিছু নেয়। একপর্যায়ে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকলেও তার ওপর ছয় রাউন্ড গুলি ছোড়েন এক পুলিশ সদস্য। এতে গুরুতর আহত হন তিনি। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন নাদিম ও মায়া ইসলাম।