গত বছর অর্থাৎ ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি বেড়েছে ২ শতাংশেরও বেশি। এ সময়ে ইউরোপে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করেছে চীন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। এক বছরের ব্যবধানে অঞ্চলটিতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় ৬ শতাংশ। ইউরোস্ট্যাটের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
ইউরোস্ট্যাটের তথ্যানুসারে, গত বছর ইউরোপে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করেছে চীন। দেশটির রপ্তানি ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে। এরপর দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের রপ্তানি ৫ দশমিক ৯৭ বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪১ বিলিয়ন ডলার। তবে ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় গত ডিসেম্বরে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১২ শতাংশ দশমিক ৫। এদিকে তৃতীয় স্থানে থাকা তুরস্কের রপ্তানি কমেছে ১০ দশমিক ৭৩ শতাংশ। দেশটি রপ্তানি করেছে ৮ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের তৈরি পোশাক। আর অঞ্চলটিতে ভারতের রপ্তানি ৭ দশমিক ৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার।