রাজধানীর ডেমরার সারুলিয়া থেকে রুবিনা (২৫) নামে এক তরুণী কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় এক বছর পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বিকালে সংস্থাটির সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গত বছরের ৭ মার্চ সন্ধ্যা ৬টায় রুবিনাকে তার মা চিকিৎসার জন্য বাড্ডার রেজাউল কবিরাজের দাওয়াখানায় নিয়ে যান। রুবিনাকে দাওয়াখানায় রেখে মা ওষুধ কিনতে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে মা দেখেন রুবিনা সেখানে নেই। দাওয়াখানা ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও রুবিনাকে পাওয়া যায়নি। পরদিন ৮ মার্চ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৬৭৪) করা হয়। দীর্ঘ সময় কোনো ফল না পাওয়ায় রুবিনার মা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-৭, ঢাকায় আবেদন করেন। ওই বছরের ১২ নভেম্বর বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারা এবং মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(১)/১১ ধারা অনুযায়ী মামলা হয়।
আদালতের নির্দেশে মামলার তদন্তভার দেওয়া হয় পিবিআই এসআইএন্ডও (উত্তর)-কে।
পিবিআই বলছে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হক নিখোঁজ রুবিনাকে শনাক্ত ও উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।