বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসান ইউরোপ যাওয়ার জন্য ভারতে গেলে গতকাল দিল্লি বিমানবন্দরে তাকে ৪০ মিনিট হেফাজতে রাখে পুলিশ। পরে দুপুরে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাকে ঢাকায় ফেরত পাঠানো হয়। বিষয়টি মাহদী নিজেই নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দিল্লির ফিনল্যান্ড দূতাবাসে তার অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে মাহদী বলেন, ‘আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে, তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাব। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে।’ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক তরুণের আটকের ঘটনায় তিনি থানার ওসিকে হুমকি দেন। সে সময় তিনি বলেন, ‘থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্বালাই দিয়েছিলাম।’ ওই ঘটনায় তাকে আটক করা হলেও আন্দোলনের মুখে তিনি জামিনে মুক্তি পান।