গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তার হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে। আহত এসআই মো. হাবিবুর রহমান (৪০) গাজীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত।
তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা গ্রামের মো. রইছ উদ্দিনের ছেলে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১১টা ২০ মিনিটের দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চাপাই এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছিল। এ সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন এসআই হাবিব। অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত ও ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কাইয়ুম আলী জানান, হাবিবুর রহমান সকালে দাপ্তরিক কাজে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। কাজ শেষে পুলিশ লাইনসে ফেরার পথে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুর শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম বলেন, এসআই হাবিবুর রহমান চলতি বছরের ৬ জানুয়ারি খুলনা রেঞ্জ থেকে গাজীপুর জেলায় যোগদান করেন।