সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সব রিটার্নিং কর্মকর্তার কাছে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এবারের নির্বাচনে ৯০ শতাংশ কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় ছিল। গতকাল ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ‘১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরাসংবলিত ভোট কেন্দ্রসমূহের ভোট গ্রহণের আগের দিন ও ভোট গ্রহণের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তীতে প্রমাণক হিসেবে ব্যবহারের নিমিত্ত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ এর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল।