ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে নিয়োগ পাওয়া প্রশাসকদের কার্যক্রমে স্থগিতাদেশ চেয়েছেন আবেদনকারী। একই সঙ্গে এক মাসের মধ্যে এসব সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। নির্বাচন না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকদের দিয়ে করপোরেশনগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশনাও চাওয়া হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়াসহ ছয় আইনজীবী হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। আবেদনকারী অন্য পাঁচ আইনজীবী হলেন জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ ছয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে এখতিয়ারসম্পন্ন বেঞ্চে রিটটিতে শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারীরা।
২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তাঁরা হলেন ঢাকা দক্ষিণে মো. আবদুস সালাম, ঢাকা উত্তরে মো. শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুরে মো. শওকত হোসেন সরকার।