ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার ইসির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এসব ফলাফল প্রকাশ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি সংসদ ও গণভোট একসঙ্গে হয়েছে। এবার সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসে ও দেশের ভিতরে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট হয়েছে।
৩০০ আসনে দেশে ও প্রবাসে ১৫ লাখ ২০ হাজার ৯৩ জন ভোট দিয়েছেন। এর মধ্যে বাতিল ভোট রয়েছে ৫৭ হাজার ৮৯৮টি।
প্রদত্ত ভোটের হার ৬৯.৯৯%, অর্থাৎ ভোট ১০ লাখ ৬৩ হাজার ৮৭৪টি ভোট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে। প্রতিটি আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালটের একটি ভোটকেন্দ্র ছিল। সংশ্লিষ্ট আসনের সাধারণ সব কেন্দ্রের ফলাফল একীভূত করার সময় পোস্টাল ব্যালট কেন্দ্রের ফলও যোগ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কর্মকর্তারা জানান, পোস্টাল ব্যালটের অধিকাংশ কেন্দ্রে বিএনপির চেয়ে এগিয়ে ছিল জামায়াত, এনসিপি ও তাদের জোটের প্রার্থীরা। তবে দুটি আসনে পোস্টাল ব্যালটের ভোটেই জয়পরাজয় নির্ধারিত রয়েছে।
মাদারীপুর-১ আসনে ৩৮৫ আর সিরাজগঞ্জ-৪ আসনে ৫৯৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন দুই প্রার্থী। মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী জয় পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোটে। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর ভোট ৬৪ হাজার ৫২৪টি। এ আসনে পোস্টাল ব্যালটের ভোটই ব্যবধান গড়েছে।
খেলাফত মজলিসের প্রার্থী পোস্টাল ব্যালটে ভোট পান ১ হাজার ৩৯৮ ভোট আর বিএনপি প্রার্থী পান ২৩৩ ভোট। সিরাজগঞ্জ-৪ আসনে দাঁড়িপাল্লা প্রার্থী জিতেছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোটে; বিএনপি প্রার্থী পান ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। এখানে জামায়াত প্রার্থী পোস্টাল ব্যালটে ভোট পান ২ হাজার ১৭৯ আর ধানের শীষ প্রার্থী পান ৮২০ ভোট।
সংসদে বাতিল ভোট প্রায় ১৭ লাখ : সংসদ নির্বাচনে পৌনে ১৩ কোটি ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ১৯৩ জন; যা ৬০.২৪%। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট বৈধ ভোট ছিল ৭ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ১১৩ ভোট। বাতিল ভোট ১৬ লাখ ৯১ হাজার ৮০টি। এসব আসনে ভোটার ছিল ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৫৮৫ জন।
৬৬% প্রতিদ্বন্দ্বী জামানত খুইয়েছেন : ২৯৯টি আসনের ভোট গ্রহণ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। যার মধ্যে ৬০টি আসনে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। জামানত হারিয়েছেন প্রায় ১৩৫০ জন প্রার্থী-শতাংশের হিসাবে যা ৬৬%। নির্বাচন কমিশনের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে।
ধানের শীষ পেয়েছে ৩ কোটি ৭৪ লাখ ভোট, দাঁড়িপাল্লা ২ কোটি ৩৮ লাখ : বিএনপির (অন্য দল থেকে যোগ দেওয়া প্রার্থীসহ) ধানের শীষ প্রতীক পেয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার ৯৯৪ ভোট আর জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ২৫৯ ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দলের ভোটের ব্যবধান ১ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৭৩৫টি। বিএনপি এ ভোট জামায়াতের চেয়ে বেশি পেয়েছে।