ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস এবং অপর পক্ষের নেতা একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুণ বিশ্বাস। পুরোনো এই বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ২০ জন আহত হন। এ সময় তিনটি বাড়িঘরেও ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি হুমায়ন কবির মোল্লা জানান, বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিবেশ শান্ত রাখতে মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ।