রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান টেম্পোস্ট্যান্ড এলাকায় একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ‘আশেকে রাসূল জুয়েলার্স’ নামের ওই দোকান থেকে প্রায় ২২৫ ভরি সোনা ও রুপার অলংকার এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, সংঘবদ্ধ কোনো চোর চক্র ঘটনাটি ঘটিয়েছে। দোকান মালিক আমিরুল ইসলাম মনা জানান, বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত দুই স্টাফ ও তিনি নিজে দোকানে ছিলেন। সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। দোকানে প্রায় ৭৫ ভরি সোনা, ১৫০ ভরির বেশি রুপা ও নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ছিল। যাওয়ার আগে এসব সিন্দুকের ভিতরে লক করে রাখেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পাশের হোমিওপ্যাথিক দোকানি কল করে জানায়, তার হোমিওপ্যাথিক দোকানের দেওয়াল ছিদ্র করে সোনার দোকানে চুরি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত দোকানে এসে দেখি, সব তছনছ। খিলগাঁও থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এখনো পুলিশের হাতে আসেনি। দোকানে থাকা সিসি ক্যামেরা ও ডিভিআর নিয়ে গেছে চোর চক্র। আশপাশের দোকান কিংবা ভবন থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোর চক্রকে শনাক্তকরণের চেষ্টা চলছে।
তিনি জানান, একজনের পক্ষে এভাবে চুরি করা সম্ভব নয়। আমরা ধারণা করছি, সংঘবদ্ধ চোর চক্রের কাজ এটি। চিহ্নিত চোর চক্রকেও নজরদারিতে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করবেন। তবে আমরা তদন্ত শুরু করেছি।