নওগাঁর মহাদেবপুরে পুলিশের লাথির আঘাতে আবদুল হামিদ ধলা (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে উপজেলার হাতুড় ইউনিয়নের মালাহার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এমরান হোসেনকে ধরতে রাতে তার বাড়িতে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এমরান পালিয়ে গেলে তার বাবা আবদুল হামিদকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় পুলিশের লাথিতে তিনি মাটিতে পড়ে অসুস্থ হয়ে মারা যান বলে অভিযোগ পরিবারের।
তবে মহাদেবপুর থানার ওসি শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আসামি ধরতে গিয়ে আবদুল হামিদকে ডাকা হয়েছিল। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, পুলিশ কোনো মারধর করেনি।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।