আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এবার ঈদের ছুটি হবে সাত দিন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব তথ্য জানান। তিনি বলেন, আগামী ১৮ মার্চ থেকে ঈদের ছুটি শুরুর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। কারণ শবেকদরের ছুটি ১৭ মার্চ। মাঝে ১৮ তারিখ খোলা ছিল। এখন ১৮ তারিখও ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদ হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি নির্ধারণ করা ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল। এখন ঈদের আগে ১৮ মার্চ ছুটি হওয়ায় ঈদের আগে ছুটি হবে চার দিন। ১৭ মার্চ শবেকদরের ছুটি আছে। ফলে ঈদের দিন এবং পরের দুই দিন মিলিয়ে এবার ঈদের ছুটি হবে সাত দিন।