পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কয়েক দিন ধরে বাড়ি ফেরার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও বাস কাউন্টারগুলোতে দেখা মেলেনি চিরচেনা ভিড়। গতকাল সরকারি ছুটির দিনেও বাস কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের তেমন আনাগোনা ছিল না। স্বাভাবিক দিনের মতোই ছিল যাত্রী ও টিকিট প্রত্যাশীদের উপস্থিতি। রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলী মাজার রোড এলাকায় বাস কাউন্টারগুলোতে এমন চিত্র দেখা গেছে।
২ মার্চ থেকে দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের এসি ও স্লিপার এবং ৩ মার্চ থেকে নন এসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কাউন্টারের পাশাপাশি টিকিট মিলছে অনলাইনে টিকিট বিক্রির বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও। আগ্রহী যাত্রীদের বেশির ভাগ অনলাইন থেকেই অগ্রিম টিকিট সংগ্রহ করছেন বলে জানা গেছে। শ্যামলীতে হানিফ পরিবহনের টিকিট বিক্রেতা রাহাত হোসেন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ১৭ মার্চ থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কারণে ১৬ মার্চের টিকিটের চাপ তুলনামূলক বেশি। উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের ১৬ তারিখের পরের সিংহভাগ টিকিট বিক্রি শেষ হয়েছে। আরাফাত পরিবহনের টিকিট বিক্রেতা আসিফ আহমেদ জানান ১৬, ১৭ ও ১৮ মার্চের টিকিটের চাহিদা বেশি। তবে যাত্রীরা এখনো অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারছেন। আরিফুর রহমান নামের এক যাত্রী জানান, ঠাকুরগাঁওয়ের টিকিট সংগ্রহ করতে এসেছি। কিন্তু স্লিপারে সব বাসেই ৩০০০ টাকা ভাড়া চাওয়া হয়েছে। ঈদ উপলক্ষে বাসের ভাড়া দ্বিগুণ হারে আদায় করা হচ্ছে।
ঈদে বাড়ি ফেরা মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ৩ মার্চ থেকে। ৯ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি চলবে। গতকাল বিক্রি করা হয়েছে ১৬ মার্চ যাত্রার টিকিট। ১৭ মার্চ থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কারণে ১৬ মার্চ অফিস শেষেই বাড়ির উদ্দেশে পাড়ি জমাবে ঘরমুখী মানুষ। সে হিসেবে গতকাল ১৬ তারিখের টিকিটের জন্য ছিল প্রচণ্ড চাপ। রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ার পর এক ঘণ্টায় প্রায় এক কোটি হিট হয়েছে টিকিট বিক্রির ওয়েবসাইট ও অ্যাপে। টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘সহজ’ থেকে রেলের টিকিটের জন্য ওয়েবসাইট ও অ্যাপে হিট নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আজ বিক্রি করা হবে ১৭ মার্চের ঈদযাত্রার ট্রেনের টিকিট। এ ছাড়া আগামীকাল ১৮ মার্চের টিকিট ও ৯ মার্চ ১৯ মার্চের টিকিট পাওয়া যাবে। ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত। ২৩ মার্চের টিকিট ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।