বাংলাদেশ ও ভারত সম্পর্ক সত্যিকার অর্থেই জনগণকেন্দ্রিক বলে মন্তব্য করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল রাজধানীর একটি হোটেলে দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও পেশাজীবীদের সম্মানে ভারতীয় হাইকমিশনের আয়োজনে ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হাইকমিশনার বলেন, ভারত সবসময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও করে যাবে।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত একটি সমৃদ্ধ ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক বন্ধন ভাগ করে নিয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের যৌথ আত্মত্যাগের অবিস্মরণীয় স্মৃতি আজও আমাদের জনগণকে একত্রিত করে রেখেছে। আমরা এখানে একত্রিত হয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দৃঢ় বন্ধুত্বের বন্ধন এবং গভীর সামাজিক ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করছি। তিনি বলেন, দুটি প্রাণবন্ত ও অগ্রগামী সমাজ হিসেবে আমরা এক সম্ভাবনাময় ভবিষ্যতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এই ভবিষ্যৎ এমন এক ভবিষ্যৎ, যেখানে আমরা একসঙ্গে কাজ করে শুধু আমাদের দুই দেশের জন্যই নয়, বরং সমগ্র অঞ্চলের জন্যও যৌথ সমৃদ্ধি নিয়ে আসতে পাবর।