নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীর বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্যের প্রত্যক্ষ সহায়তায় চলে এ তান্ডব। উপজেলার শ্রীরামপুর পূর্বপাড়া গ্রামে গতকাল সকালে ঘটনাটি ঘটে। আমছের আলী নামে অভিযুক্ত একজনকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। জানা যায়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের ছাউনির টিন নষ্ট করে দেয়। টিভি, ফ্রিজ, সু-কেস, ফিটিংস পাইপসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলে। লুট করে ব্যাংক থেকে ঋণ নেওয়া ১০ লাখ টাকা, স্বর্ণালংকার, জমির দলিল ও একটি মোটরসাইকেল। এ বিষয়ে জানতে মান্দা থানার ওসি কে এম মাসুদ রানার মোবাইল ফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর কয়েকবার কল করলেও রিসিভ করেননি। ভুক্তভোগী আল মাহমুদ হক জুয়েল বলেন, ‘আমার ভোগদলীয় জমিতে রবিবার সকালে আমছের আলী লোকজন দিয়ে হঠাৎ ঘর নির্মাণ শুরু করেন। আমি থানায় অভিযোগ দিলেও পুলিশ ব্যবস্থা নেয়নি।’ তিনি জানান, গতকাল আমছের আলী অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। নগদ টাকা, মোটরসাইকেল, জমির কাগজপত্র ও স্বর্ণালংকার লুটে নেয়। ভুক্তভোগী পরিবারের সদস্য পলি খাতুন বলেন, ‘ভাঙচুরের সময় সাদা পোশাকে তিনজন পুলিশ সদস্য আশপাশে ঘোরাঘুরি করলেও সহায়তায় এগিয়ে আসেনি। থানার ওসির নাম্বারে দফায় দফায় ফোন দিয়ে ঘটনার বিষয়ে জানালে তিনি সহযোগিতা করেননি। ৪ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে।’