বেসরকারি খাতের চারটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও আল-আরাফাহ্্ ইসলামী ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে নিয়োগ পাওয়া পর্যবেক্ষকদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২-এর পরিচালক মুনির আহমেদ চৌধুরী ও আল-আরাফাহ্্ ইসলামী ব্যাংকে দায়িত্ব পান ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। এ ছাড়া প্রিমিয়ার ব্যাংকে পর্যবেক্ষক করা হয়েছে পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির ও আইএফআইসি ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ কে এম কামরুজ্জামানকে। সূত্র জানায়, নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও ঝুঁকিব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেবেন এবং ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। প্রয়োজনে তাঁরা কেন্দ্রীয় ব্যাংককে বিভিন্ন বিষয়ে মতামত ও পর্যবেক্ষণ প্রতিবেদনও দেবেন বলে জানা গেছে।