দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে নতুন দর। গতকাল বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। ২১ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নতুন দাম হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা। সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ১৭৫ টাকা কমিয়ে ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার প্রতি ভরি ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।