পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ৮ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ ১৬ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান, সাবেক এমডি অ্যান্ড সিইও কাজী ফখরুল ইসলাম, উপব্যবস্থাপক পরিচালক ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব শাহ আলম ভূঁইয়া, সাবেক পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিম, ফখরুল ইসলাম, শুভাশিষ বোস, নিলুফার আহমেদ, ড. কাজী আক্তার হোসাইন, আনোয়ারুল ইসলাম, গুলশান শাখার সাবেক শাখা ব্যবস্থাপক সিপার আহমেদ, তাহমিনা ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আহমেদ খান, চেয়ারম্যান কামাল জামান মোল্লা, পরিচালক কাজী রিজওয়ানা মোমিনুল হক, চিফ সার্ভেয়ার জসিম উদ্দিন চৌধুরী। মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ইয়াসির আহমেদ খান, কামাল জামান মোল্লা, কাজী রিজওয়ান মোমিনুল হক, শিপার আহমেদ, কাজী ফখরুল ইসলাম, ফজলুস সোবহান, কোরবান আলী, জসিম উদ্দিন চৌধুরী এবং শাহ আলম ভূঁইয়াদের বিদেশ গমনে ২০২৪ সালের ১ জানুয়ারি আদালতে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেন। আদালতের দেওয়া ৬০ দিনের জন্য বিদেশ গমন নিষেধাজ্ঞার মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় এজাহারনামীয় আসামি কাজী রিজওয়ান মোমিনুল হক গমনরোধ প্রত্যাহারের জন্য আবেদন করেছেন।