রাজধানীর মিরপুর-২ নম্বরের এলএ প্লাজা নামে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ২টায় ভবনটির তৃতীয় তলার অর্কাস গ্ল্যাম বার অ্যান্ড রিভাইভ স্পা নামে সৌন্দর্যচর্চা প্রতিষ্ঠানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। তাদের চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকাল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ সাংবাদিকদের বলেন, মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার পর ভবনের ভিতরে থাকা অনেকেই ছাদে উঠে যান। কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। এই কর্মকর্তা আরও বলেন, টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ভবনের ছাদ ও বিভিন্ন তলা থেকে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে একজন নারী ও একজন পুরুষকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান সোহেল রাত সাড়ে ৮টার দিকে বলেন, হাসপাতালে নেওয়া দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ব্যক্তিটির নাম রাকিব হাসান। মারা যাওয়া নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ভবনের তৃতীয় তলায় একটি স্পা সেন্টারে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।