বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। চান্দিনা উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এ সময় শ্রমিকদের দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন-ভাতা ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।
গতকাল প্রায় দুই ঘণ্টাব্যাপী পোশাক কারখানা ‘ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড’-এর শ্রমিকরা মহাসড়কের উপজেলার হাঁড়িখোলা মাজার এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রমিকরা জানায়, তিন মাস ধরে তাদের বেতন দিচ্ছে না ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেডের মালিকপক্ষ। এতে একেকজনের প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকার বেশি বকেয়া রয়েছে। বাধ্য হয়ে তারা মহাসড়ক আবরোধ করে আন্দোলনে নামেন। এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম বলেন, চান্দিনা থানার ওসি আতিকুর রহমান, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিনসহ ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে কথা বলি। মালিকপক্ষ দ্রুত বকেয়া বেতন-ভাতা ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আমরা শ্রমিকদের বলেছি, বৃহস্পতিবারের মধ্যে জানুয়ারি মাসের বেতন পাবেন তারা। আর ১৬ মার্চের মধ্যেই ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস পাবেন।