গত কয়েক বছর ধরে একটি চোর চক্র কবর থেকে কঙ্কাল চুরির পর বেচাকেনা করে আসছিল। চক্রটির চার সদস্যকে রাজধানীর উত্তরা ও তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ায় মানবদেহের খুলি ও হাড়গোড় বিক্রির চেষ্টা চলছে, এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে গ্রেপ্তার হয় আরও তিনজন। উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেল থেকে উদ্ধার করা হয় ৪৭টি মানবদেহের মাথার খুলি ও বিভিন্ন অঙ্গের হাড়গোড়। গ্রেপ্তাররা হলেন- কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, ফয়সাল আহম্মেদ, আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ। সৌমিক উত্তরা সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের শেষ বর্ষের শিক্ষার্থী। আর ফয়সাল একই কলেজের সাবেক শিক্ষার্থী।
ডিসি ইবনে মিজান জানান, চক্রটি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুর এলাকার করবস্থান থেকে কঙ্কাল চুরি করে আসছিল। প্রসেসিং করার পর তা মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন তারা। কঙ্কাল বিক্রি করা হতো অনলাইনের মাধ্যমেও। আসামিরা প্রাথমিকভাবে কঙ্কাল চুরির কথা স্বীকার করেছেন। কোনো ভুক্তভোগী পরিবার অভিযোগ জানালে কঙ্কাল ফেরত দেওয়া হবে।
এই ঘটনায় তেজগাঁও থানার এসআই মিরাজ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই শাহাদাত হোসেন নাফিস আসামিদের আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।