দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈঠক করেছেন সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপরা। তারা বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়। গতকাল জাতীয় সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার জাতীয় সংসদ ভবনের চিফ হুইপের কার্যালয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকালে উভয়পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বৈঠকে সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকটি আগামী দিনে সংসদকে আরও প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।