নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ডের পর এবার দেশের কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। প্রি পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের ৮টি বিভাগের ১০টি উপজেলার ১০টি ব্লকে কৃষকের তথ্য সংগ্রহ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আগামী ১৪ এপ্রিল (বাংলা নববর্ষের দিনে) প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তার আগেই নির্বাচিত কৃষকদের তথ্য যাচাই-বাছাই করা হবে। সূত্র জানায়, কৃষক কার্ডের অগ্রগতি সম্পর্কে জানতে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে গত ১১ মার্চ একটি জুম মিটিং হয়েছে। ওই মিটিংয়ে নির্বাচিত ব্লকের উপকারভোগী বাছাইয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
জুম মিটিংয়ে অংশ নেন এমন এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানান, প্রান্তিক কৃষকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়া। এ কারণে অনেক কৃষক উৎপাদনে নিরুৎসাহিত হন, যা খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করে। এ বিষয়টি মাথায় রেখে উৎপাদন সুবিধার পাশাপাশি কৃষকের উৎপাদিত ফসল ন্যায্যমূল্যে বিক্রি বা বিপণনের বিষয়টিও কৃষক কার্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
কৃষক কার্ডে থাকছে যে সুবিধা : এই ডিজিটাল কার্ডের মাধ্যমে ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকরা গড়ে ২,৫০০ টাকা করে সরাসরি নগদ সহায়তা বা উপকরণ ভর্তুকি পাবেন; কার্ড দেখিয়ে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ন্যায্যমূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ সংগ্রহ করা যাবে; কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ এবং অন্যান্য ঋণ সুবিধা পাবেন; ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়ার আপডেট, বাজারদর এবং ফসলের রোগবালাই দমনে সরাসরি বিশেষজ্ঞ পরামর্শ পাওয়া যাবে এমনকি কৃষকের উৎপাদিত পণ্য বিক্রির সুবিধাও থাকবে কৃষক কার্ডে।
প্রাথমিকভাবে যারা পাচ্ছেন কৃষক কার্ড : কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রি পাইলটিংয়ের আওতায় প্রাথমিকভাবে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার সদর উপজেলার সুরুজ ব্লক, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনপচা, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার অরণ্যপুর, কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলি, খুলনা বিভাগের ঝিনাইদহের মৈরকূপা উপজেলার কৃপালপুর, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদের রাজাবাড়ী, রংপুর বিভাগের পঞ্চগড়ের কমলাপুর, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা এবং ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুরের গাইবান্ধা ব্লকের কৃষকদের কার্ড দেওয়ার জন্য তথ্য সংগ্রহ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নির্বাচিত সরকার গঠনের পর গত ৪ মার্চ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।