মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে গতকালও ২৪টি ফ্লাইট বাতিল করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে এই বিমানবন্দরে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়াল ৪৭৫টিতে।
গতকাল বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএই) দুটি, গালফ এয়ারের (বাহরাইন) চারটি, কাতার এয়ারওয়েজের (কাতার) চারটি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) চারটি, জাজিরার (কুয়েত) চারটি, ফ্লাই দুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) চারটি ফ্লাইট। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এর সরাসরি প্রভাব পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ ২৪টি ফ্লাইট বাতিল করা হয়।
দেশে ফিরল কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। শুক্রবার রাতে কাতার এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে করে তারা ঢাকায় পৌঁছান। কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে সমন্বয় করে তাদের দেশে ফেরাতে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বাংলাদেশ সরকার।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ সাংবাদিকদের জানিয়েছেন, দেশে ফেরা বাংলাদেশিদের মধ্যে ট্রানজিটে থাকা যাত্রী ও দূতাবাসের কর্মীরা ছিলেন। ফ্লাইট বাতিল হওয়ায় তারা দেশে ফিরতে পারছিলেন না।