শ্রীকাইল-৫ (কুমিল্লা) কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এ কূপটি থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানা গেছে। গতকাল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর শুরু করা খননকাজে ব্যয় হয়েছে প্রায় ১৩২ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, কূপটিতে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমদানিনির্ভর করে দেশের জ্বালানি খাত ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি। আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে।’ তিনি বলেন, ‘বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল, যার ফল আমরা পাচ্ছি। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই। আগামী পাঁচ বছর পর এ দেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার মিলিয়ন ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করব।’
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সরকারের ১৮০ দিনের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে; যার লক্ষ্য জাতীয় গ্রিডে মোট ৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। শ্রীকাইলে ২০২০ সালের দিকে দৈনিক ৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হলেও বর্তমানে পাঁচটি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্বালানি বিভাগের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক প্রমুখ।