মালদ্বীপের ডিগুরাহ দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে দুজনের লাশ আজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। বাকিদের লাশ দ্রুত দেশে পাঠাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত অন্য দুই বাংলাদেশি মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত দুই বাংলাদেশিকে উন্নত চিকিৎসার জন্য মালে শহরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হাইকমিশন। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আহতদের পরিদর্শন করেন এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি গালুলু মর্গ পরিদর্শন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং লাশ দ্রুত দেশে পাঠানোর বিষয়টি পুনর্ব্যক্ত করেন। নিহত মো. সদর আলী ও সফিকুল ইসলামের লাশ আজ বাংলাদেশে পৌঁছানোর কথা।
মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস জানায়, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ ও সমন্বয় করে নিহতদের লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে হাইকমিশনার নিজে এবং দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে এবং তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করা হচ্ছে। নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গেও যোগাযোগ করছে হাইকমিশন।